শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ধর্ম ডেস্ক ॥
আগামী ১৮ এপ্রিল থেকে ২০২৬ সালের হজ্জযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে বছরের প্রথম হজ ফ্লাইট। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সম্প্রতি সৌদি আরবের মদিনায় অনুষ্ঠিত ‘হজ কনফারেন্স’ এবং দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
সেবার মানোন্নয়নে বিশেষ জোর
ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের মক্কা ও মদিনায় অবস্থানকালীন সুযোগ-সুবিধার দিকে এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন,
“হজযাত্রীদের আবাসনস্থলে সার্বক্ষণিক এসি ও লিফট সার্ভিস নিশ্চিত করা হবে। পাশাপাশি মক্কা ও মদিনার অভ্যন্তরে যাতায়াতের জন্য নির্বিঘ্ন ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং মিনায় সার্ভিস কোম্পানির মাধ্যমে উন্নত ও স্বাস্থ্যসম্মত (হাইজেনিক) খাবার যথাসময়ে বিতরণের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।”
প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা
হজ ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, সে লক্ষ্যে মক্কায় দায়িত্বরত হজকর্মী নিয়োগ থেকে শুরু করে প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
সরকারের এই তৎপরতায় আশা করা যাচ্ছে, ২০২৬ সালের হজ পালনকারী বাংলাদেশিরা গতানুগতিক ভোগান্তি এড়িয়ে স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আচার পালন করতে পারবেন।