রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম (৪২) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার সিংগিমারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম বগুড়া জেলা শহরের ধাওয়া ফিকশান সোনারপাড়া এলাকার মোস্তফার ছেলে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাদক বিক্রেতা রবিউলসহ একটি দল মাদকের চালান পার করছেন এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগিমারী এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে রবিউলের দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে গ্রেফতার এবং ঘটনাস্থল থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় হাতীবান্ধা থানার এক পুলিশ সদস্য আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি ওমর ফারুক।