সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল জলিল(৩৮) নামে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার(২৯ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার গাওচুলকা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল উপজেলার গোতামারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, ৬টি মাদক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিল মাদকের চালান পার করছিল। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাওচুলকা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর উল্টো আক্রমন করলে পুলিশ জবাব দিতে এক রাউন্ড গুলি ছুড়ে। পরে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী জলিলকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
মাদক ব্যবসায়ীদের আক্রমনে হাতীবান্ধা থানার উপ পরিদর্শক(এসআই) সঞ্জয় কুমার ও কনস্টবল সত্যজিৎ রায় আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জলিলকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি ওমর ফারুক।