শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক সাজু ও আমাদের সময়ের প্রতিনিধি নুরনবী সরকারসহ ৫জন আহত হয়েছে। টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনের নেতৃত্বে দুই সাংবাদিকের উপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা সাংবাদিকের ক্যামেরা ভাংচুর কওে ছুরে ফেলে দেয়।
মঙ্গলাবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাদক মামলার তালিকা ভুক্ত আসামী সিরাজুল ইসলাম, সাবেক শিবির ক্যাডার সদরুল আমিন রিপন তার ছোট ভাই খোকনসহ কয়েকজন আসাদুজ্জামান সাজুর উপর এ হামলা চালায়।
আসাদুজ্জামান সাজু দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি। এ সময় দৈনিক আমাদের সময়ের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি নুরনবী সরকার ও পথচারী শরীফ মোল্লা হামলার শিকার হন। আসাদুজ্জামান সাজু ও শরীফ মোল্লা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে লিয়াকত হোসেন বাচ্চু ও সরওয়ার হায়াত খান গ্রুপের লোকজনের মাঝে সংসদ সদস্যের উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রুপ নেয়। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করে চলে যান। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে লিয়াকত হোসেন বাচ্চু গ্রুপের নেতা কর্মীরা সেলিম হোসেনের নেতৃত্বে শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে। দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে শহরে মিছিল দেয়।
এসময় অপরদিক থেকে সরওয়ার হায়াত খানের গ্রুপের লোকজন স্থানীয় বাসস্ট্যান্ডে এলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে লিয়াকত হোসেন বাচ্চুর লোকজন মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নূরনবী সরকার ও পথচারীর উপর হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। বর্তমানে হাতীবান্ধা উপজেলা শহরে থম তমে অবস্থা বিরাজ করছে। যেকোন মূহুর্তে আবারও আ’লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার আমতলা এলাকায় আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরেও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্তি পুলিশ মোতাযেন করা হয়েছে। তবে সাংবাদিকের উপর হামলার ঘটনাটি দুঃখজনক বলেও জানান তিনি।
এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের উপর ঘৃন্য হামলার ঘটনায় জেলার সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন।