শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের সালথায় জান্নাতী আক্তার নামে (১৪) এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে ওই ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জান্নাতী আক্তার বিষ্ণুদী গ্রামের মৃত বাচ্চু শেখের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।
জান্নাতীর দাদী রুকি বেগম বলেন, ৬ বছর আগে জান্নাতীর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় জান্নাতীর মা জোসনা বেগম জান্নাতীকে তার কাছে রেখে ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী নেন। এরপর থেকে তিনি জান্নাতীর লালন-পালন করে আসছিলেন। অভাবের সংসারে তিনি ভিক্ষা করে জান্নাতীর লেখাপড়ার খরচ চালাতেন।
জান্নাতীর দাদী রুকি বেগম অভিযোগ করে বলেন, জান্নাতী মাদ্রাসায় পড়ালেখা করতো। মাদ্রাসায় যাওয়া-আসার সময় প্রতিবেশী এক ব্যাক্তি (৩৫) তাকে বিভিন্নভাবে প্রলভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। কিন্তু ওই ব্যাক্তির দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রেমের বিষয়টি বাসার স্ত্রী-সন্তানরা জানার পর তারা বিভিন্নভাবে জান্নাতীকে ভয়ভীতি দেখায় ও এলাকার সবাইকে জানিয়ে দেয়। এতে দুঃখ অপমান ও ক্ষোভে জান্নাতী এ পথ বেছে নেয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।