শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট-১ (পাটগ্রাম হাতীবান্ধা) আসনের হাতীবান্ধা উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক থেকে আটক ৭৯ জনের মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে হাতীবান্ধা থানার উপ পরিদর্শক(এসআই) নুর আলম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে ধানের শীষের উঠান বৈঠক থেকে ৭৯ জনকে আটক করা হয়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, উপজেলা উত্তর জাওরানী গ্রামের আমিন মিয়ার বাড়িতে বসা বৈঠকে নাশকতার পরিকল্পনা চলছে। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাওরানী ক্যাম্পের এমন একটি খবরে থানা পুলিশ অভিযান চালিয়ে বৈঠক থেকে ৭৯ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞসাবাদ শেষে থানার উপ পরিদর্শক(এসআই) নুর আলম বাদি হয়ে ৩৭ জনের বিরুদ্ধে বেআইনী সমাবেশ ও সরকারী কাজে বাঁধা দানের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩২জন বিএনপি ও তার বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী ও ৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকী ৪২ জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
লালমনিরহাট-১ (পাটগ্রাম হাতীবান্ধা) আসনের ঔক্যফ্রন্ট মনোনিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান জানান, ধানের শীষের গনজোয়ার দেখে বিচলিত হয়ে পড়েছে আওয়ামীলীগ। তাই ভয় প্রদর্শনে পুলিশ দিয়ে উঠান বৈঠক থেকে ধানের শীষের সমর্থকদের গ্রেফতার শুরু করেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ মিথ্যা মামলা প্রত্যহার ও গ্রেফতার বন্ধের দাবি জানান তিনি।