বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
দেশে মহামারি করোনার চলমান ক্রান্তিলগ্নে এলাকায় জমজমাট মাদক ব্যবসার প্রতিবাদ করায় লালমনিরহাটের সাংবাদিক হেলাল হোসেন কবির মারপিটের শিকার হয়েছেন।
হেলাল হোসেন কবির লালমনিরহাট থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক আলোর মনির নির্বাহী সম্পাদক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন।
রবিবার (১৯ এপ্রিল) রাতে জেলা শহরের নামাটারী গ্রামের রফিকুল ইসলাম (৪৮), শহরের নিউকলোনীর হানিফ মৃধা (৫০) সহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় এঘটনায় হেলাল হোসেন কবির একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ, মামলার এজাহার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া গ্রামের ঠাকুরের মাল্লি বাজারের পশ্চিম পাশের্বর ফাঁকা জায়গায় প্লাস্টিকের জারিকেনে করে বাংলা মদ বিক্রি কালে শতাধিক গ্রামবাসী মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে। এসময় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ও হানিফ মৃধাসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরবর্তীতে গত ১১ এপ্রিল দুপুরে শহরের গোশালা বাজারে খরচ করার সময় সাংবাদিক হেলাল হোসেন কবিরকে দেখতে পেয়ে হানিফ মৃধাসহ অন্যান্যরা অতর্কিত ভাবে চর-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে মারতে পাশের সোনালী অতিত ক্লাব ঘরে নিয়ে আটকিয়ে রাখে। ক্লাবে তাকে আবারও মারপিট করে ৩০০টাকার নন জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়। এসময় হেলাল হোসেন কবিরের চিৎকারের পথচারীরা এসে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।