মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটে ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় আটা বিক্রিতে অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক শেয়ার বিজ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম সমাপ্তকে ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি প্রদান করেছে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান। এ ঘটনায় সাংবাদিক সমাপ্ত লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, গত ৪ মার্চ ২০১৮ ইং তারিখে দৈনিক শেয়ার বিজ পত্রিকার ১১ পাতায় ‘লালমনিরহাটে ওএমএসের আটা বিক্রিতে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদে লালমনিরহাট সদর উপজেলার নয়ারহাট এলাকার ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমানের সকল অনিয়মের তথ্য তুলে ধরা হলে তিনি ক্ষিপ্ত হন। অতঃপর গত ৮ মার্চ দুপুরে নয়ারহাট এলাকার বিক্রয় পয়েন্টের সামনে গেলে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান উত্তেজিত হয়ে সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্তকে বলেন, এই সংবাদ প্রকাশ না করলে পারতে। আমি ভালো মানুষ, খারাপ হতে চাই না। ভোগা স্বপন ও কাশেম ভেন্ডারের বাড়ী ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ আমিই করেছি আর দুই মাস এই ব্যবসা আছে তারপর তোমাকে দেখে নেব বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন।
এ ব্যাপারে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান জানান, শেয়ার বিজ পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।