সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

লালমনিরহাটে শ্বাশুড়ির রহস্যজনক মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥ বউ শ্বাশুড়ির দ্বন্দ্বে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কেশনা রানী(৪০) নামে এক শ্বাশুড়ির রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। মৃত কেশনা রানী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সঠিবাড়ি মাসান কুড়া এলাকার শ্বশধর চন্দ্রের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, বড় ছেলে কৃষ্ণ চন্দ্রের বিয়ের পর থেকে বউ শ্বাশুড়ির বনিবনা হচ্ছিল না। সামান্য বিষয় নিয়ে তাদের মাঝে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। বউয়ের কথামত ছেলের হাতেও লাঞ্চিত হন কেশনা রানী। এ অভিমানে কেশনা রানী বাড়িতে বউয়ের রান্না করা খাবার এক সপ্তাহ ধরে খাচ্ছে না। মাঝে মধ্যে প্রতিবেশীরা ডেকে নিয়ে তাকে খাবার দিত। প্রায় সময় অভুক্ত থাকতেন কেশনা রানী। প্রতিবেশীদের বাড়িতে খাওয়া নিয়ে মঙ্গলবার (২৭ মার্চ) ছেলে ও বউ মিলে বকাঝকার এক পর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এতে মাটিতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ্য হন অভুক্ত কেশনা রানী। পরে গভীর রাতে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে কেশনার বাবার বাড়ির লোকজনের মুখ বন্ধ রাখতে রাতভর চলে দেনদরবার। অবশেষে তাদেরকে ম্যানেজ করে কেশনা বিষপানে আত্মহত্যা করেছে উল্লেখ করে বুধবার (২৮ মার্চ) সকালে থানা পুলিশকে অবগত করা হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও ঘটনার তদন্তে ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে তদন্ত করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com