বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

লালমনিরহাটে যুবকের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় টিএন্ডটি পাড়া এলাকার মাসুদ রানা সোহেল (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (১৮ আগষ্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল জেলা শহরের মিশনমোড় টিএন্ডটি পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

নিহতের মা সুফিয়া বেগম ও এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তি নর্থবেঙ্গল মোড় এলকার লন্ড্রি ব্যবসায়ী আতিয়ারের স্কুল পড়ুয়া মেয়ের সাথে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে প্রায় প্রতিদিন সে ওই মেয়ের সাথে সাক্ষাত করতে নর্থবেঙ্গলমোড় এলাকায় যায়। গত (১৫ আগষ্ট) বৃহস্পতিবার বিকেলে সোহেল তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে মেয়ের বাবা, মামা নয়ন ও ভাই শাহিনুর তাকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হলেও বাড়িতে এসে বিষয়টি কাউকে বলেনি। দুইদিন স্বাভাবিক থাকলেও গতকাল শনিবার রাত ১০টার দিকে তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। রংপুর থেকে দুপুরে পরিবারের লোকজন সোহেলের লাশ বাড়িতে নিয়ে আসলে লালমনিরহাট থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে নিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে দুপুরে একটি অভিযোগ পেয়েছি। নিহত সোহেলের বাবা আইয়ুব আলী থানায় ৪জনকে আসামী করে একটি হত্যার অভিযোগ করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com