বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

লালমনিরহাটে ভাটা মালিকের পিটুনিতে কৃষকের মুত্যু!

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইট-ভাটা মালিক ও তাঁর স্বজনদের পিটুনিতে আমিনুর রহমান (৫২) নামে আহত এক কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে এ ঘটনায় ১০ জনকে আসামী করে থানায় মামলা করেছেন মৃত কৃষকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম। মৃত কৃষক আমিনুর রহমান উপজেলার চলবলা ইউনিয়নের গাঁওচুলকা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।

এর আগে, সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন জানান, গাঁওচুলকা গ্রামে এমএইচআর নামে একটি ইট ভাটা রয়েছে। ওই ভাটার ধোঁয়ায় স্থানীয় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এমন প্রতিবাদ করায় গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে কৃষক আমিনুর রহমানকে বেধড়ক মারধর করেন এমএইচআর ভাটার মালিক রাকিবুল ও তার স্বজনরা। এতে গুরুতর আহত হন আমিনুর।

পরে, উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ এপ্রিল) সকালে মারা যান তিনি।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com