সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

লালমনিরহাটে বিপুল পরিমান সরকারী ঔষধ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে সরকারী ১৭৫টি ওজন পরিমাপক যন্ত্র ও বিপুল পরিমাণ ওষুধসহ রেজা মিয়া ও নিলুফা ইয়াসমীন নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে লালমনিরহাট পৌরসভার ড্রাইভারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃত রেজা মিয়া (৪২) গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধামাইটারী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৮)। তারা লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া রেলওয়ের কোয়ার্টার ভাড়া নিয়ে পান ও ওষুধ বিক্রি করতেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া রেলওয়ের কোয়ার্টার ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পান ও ওষুধ বিক্রি করতেন রেজা মিয়া। তিনি পান ও ওষুধের দোকানের আড়ালে সরকারি হাসপাতালের ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম বাড়িতে রেখে বিক্রি করতেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৭৫টি ওজন পরিমাপক যন্ত্রসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সরকারি ওষুধ জব্দ করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে রেজা মিয়া ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে আটক করা হয়।

জব্দকৃত ওষুধ সিজার লিস্টসহ মূল্য নির্ধারণের পর সদর থানায় তাদের বিরুদ্ধ মামলা দায়ের করা হয়। ৬/৭ বছর ধরে সরকারি ওষুধ বিক্রির কথা স্বীকার করেন তারা। এসব ওষুধ জেলার সব হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের জন্য বরাদ্দ বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন। যার বেশির ভাগই ছিল আদিতমারী উপজেলার বরাদ্দকৃত ওষুধ। এসব ওষুধ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করতেন তারা।

এ বিষয়ে জানতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রাতে থানা পুলিশের মাধ্যমেই সরকারী বিপুল পরিমান ওষুধ উদ্ধারের বিষয়টি তিনি জানতে পেরেছেন। সরকারী এই ওষুধ চুরি সিন্ডিকেটের সাথে জড়িত রাঘব বোয়ালদেরকেও খুব দ্রুত খুজে বাহির করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com