শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বুড়িরহাট বিওপির সদস্যগণ ১৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সীমান্ত পিলার ৯১৪/১১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রপুর নামক এলাকা হতে এ ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সুত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বুড়িরহাট বিওপির সদস্যগণ সীমান্ত পিলার ৯১৪/১১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রপুর নামক এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা ১৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫২ হাজার আটশত টাকা। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত আছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম বলেন, সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে বিজিবি সদস্যগণ সীমান্তে টহল তৎপরতা জোরদারসহ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারী এবং আন্তঃ সীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্তবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সাথে গণমাধ্যমের সক্রিয় ভুমিকা সীমান্তকে আরো নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।