সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৫ জন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর বিভাগজুড়ে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলাতেও বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের অধিকাংশই শিশু। তাদের যথাযথ চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মো. আব্দুল হাকিম বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে ৩ জন রোগী হাম-রুবেলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছি। আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
তিনি আরও জানান, হাম-রুবেলা একটি ছোঁয়াচে রোগ, তাই শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সচেতনতা প্রয়োজন। সময়মতো টিকা প্রদান এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।