সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এশার আলী(৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার(২২ মে) দিনগত ভোররাতে উপজেলার ধরলার চরাঞ্চলে মাদক উদ্ধার অভিযানে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দুই জেলার সীমান্তের এন্তাজ আলীর ছেলে। তিনি আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের মুলহোতা। তার নামে দুই জেলায় বেশ কিছু মাদক মামলা রয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধরলা চরাঞ্চলে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী এশার আলী দলবল নিয়ে মাদক পাচার করছিল। ঘটনাস্থলে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গুলিবিনিময়ে মাদক ব্যবসায়ী এশার আলী নিহত হয়। মাদক ব্যবসায়ীদের আঘাতে সদর থানার উপপরিদর্শক(এসআই) আসাদুল ইসলাম ও কনস্টেবল আবুল কালাম আহত হন। এ সময় নিহত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, গুলির খোসা ও ৬টি রামদা জব্দ করে পুলিশ।

নিহত এশার আলীর মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার এসএম রশিদুল হক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com