রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাফিক সপ্তাহের ৫ দিনে ৬৬৭ মামলা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:
ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার পর থেকে লালমনিরহাট জেলার সড়ক মহাসড়কগুলোতে লাইসেন্সবিহীন ভারি যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর থেকেই নড়ে চড়ে বসেছে গাড়ি চালক ও মালিকরা। সম্প্রতি মন্ত্রী সভায় নতুন আইন অনুমোদিত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে চলছে ট্রাফিক সপ্তাহ। এই অবস্থাতে লালমনিরহাট জেলা শহর ও উপজেলা গুলোতে কমে গেছে লাইসেন্সবিহীন যানবাহনের চলাচল।
রবিবার থেকে লালমনিরহাটে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কারনে লালমনিরহাট জেলাতে লাইসেন্সবিহীন ভারি যানবাহনগুলো কম চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। ট্রাফিক আইন মেনে চলতে রোভার স্কাউট ও পুলিশ সদস্যরা যানবাহন চলাচলে বিভিন্ন উপদেশসহ বিতরণ করছে সচেতনতামূলক লিফলেট।
লালমনিরহাট পুলিশ সার্জেন্ট আল ফরিদ জানান, লালমনিরহাট জেলা শহরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোয় মামলা দেয়া হচ্ছে।
লালমনিরহাট ট্রাফিক অফিসের পুলিশ পরিদর্শক (টিআই) মো. তারিকুল ইসলাম জানান, রবিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গেল ৫দিনে প্রায় ৬৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চালানোয় এই মামলাগুলো দেয়া হচ্ছে। বর্তমানে বৈধ কাগজপত্র না থাকায় অনেকেই যানবাহন নিয়ে সড়কে নামছে না বলেও জানান তিনি।
এছাড়াও জেলা শহরের বিভিন্ন স্থানে আসমা খাতুন, শামিমা সুলতানা ও চু চিং মং মার্মা তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মোবাইল কোট বসিয়ে ১৪টি যানবাহনের মামলার বিপরীতে ১১ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com