সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদের(৫৮)করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)এর আইসিইউ বিভাগে ভর্তি রয়েছেন।
বিচারিক কার্যক্রম পরিচালনা করে ৪ জুন ঢাকায় ফিরে গেলে তার শরীর খারাপ হয়। এরপর তার করোনাভাইরাস পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। করোনা পরিক্ষার ফলাফলে করোনা পজিটিভ হওয়ায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এর পেশকার মমতাজ উদ্দিন বলেন, আমরা শুনেছি স্যার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এদিকে, লালমনিরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদের জন্য এবি পজেটিভ রক্তের প্লাজমা চেয়ে পোস্ট দিয়েছেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদের জামাতার কাছে জানতে চাইলে লে. কর্নেল সাজ্জাদ বলেন, আমার শ্বশুর লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ এখন সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আমরা তার জন্য এবি পজেটিভ রক্তের প্লাজমা খুঁজছি। যদি আপনাদের সন্ধানে থাকে তাহলে দয়া করে আমাদের একটু জানাবেন।