বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
ঈদের আগে ৭২০ কেজি মিষ্টি তৈরী করে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের টোটাল এগ্রো এগ্রিকালচারাল লিমিটেড কোল্ডস্টোরেজে তৈরী করা মিষ্টি রাখায় মিষ্টির মালিক সুমনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি আর সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ পুলিশ সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ওই এলাকার বেশ কিছু মিষ্টি ব্যবসায়ী আগাম মিষ্টি তৈরি করে বিভিন্ন কোল্ডস্টোরে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম ওই কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১২টি প্লাষ্টিকের ড্রামে ৭২০ কেজি তৈরি মিষ্টি উদ্ধার করে। পরে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি আর সরোয়ার আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে অভিযুক্ত মিষ্টি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেন এবং মেয়াদোত্তীর্ন ৭২০ কেজি নষ্ট মিষ্টি জব্দ করে মাঠিতে পুতে রাখে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদকে সামনে রেখে কিছু অসাধু মিষ্টি ব্যবসায়ীরা এ কাজ করছে। অভিযানে জব্দ করা মিষ্টি স্পটে ধ্বংস করা হয়েছে।