মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে দুইটি উপজেলার ৩৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোড় গ্রামের ৮টি ও হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ২৫টি বাড়ির লোকজনদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় গতকাল শুক্রবার বিকালে বাড়িগুলো লকডাউনের আওতায় আনা হয়। ওই পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রশাসন তাদের পাশে থাকবে।
অপরদিকে, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, কুমিল্লা ফেরৎ এক নারীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (৭ মে) জেলায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের আছেন ৫ জন।
লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডা. নির্মলেন্দু রায় জানান, আক্রান্তদের মধ্যে আদিতমারী উপজেলায় ৮ জন এবং হাতীবান্ধায় উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। তবে এদের মধ্যে প্রথম আক্রান্ত পিতা পুত্র ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।