সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রেলের জমিতে অবৈধ নির্মিত মার্কেট ভেঙ্গে দিলেন স্থানীয় বিক্ষুব্ধ জনগন

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট ও মুল সড়কের কার্লভাটের উপর অবৈধ স্থাপনাটি ভেঙ্গে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনগন।
শনিবার (২৬ মে) বিকেলে লালমনিরহাট রেলওয়ের পশ্চিমে চাঁদনী বাজারে গড়ে উঠা রেলের জমিতে নির্মিত অবৈধ মার্কেটটি ভেঙ্গে দেয়ার এ ঘটনা ঘটে।
রেলওয়ে ভু-সম্পত্তি কার্যালয় ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের চাঁদনী বাজারে রেলওয়ের ৮৪ শতক কৃষি জমি লিজ নেন নর্থবেঙ্গল মোড়ের মৃত পয়ের উল্লার ছেলে সিরাজুল ইসলাম ও বেলাল হোসেন। রেলওয়ের নিয়মানুযায়ী কৃষিজ জমি লিজ গ্রহিতা কৃষি চাষাবাদ ব্যতিত অন্য কিছু করা আইনত অপরাধ। কিন্তু প্রভাবশালী সিরাজুল ও বেলাল হোসেন পেশি শক্তির প্রভাবে গত দুই সপ্তাহ ধরে ওই কৃষিজ জমিতে মার্কেট নির্মান শুরু করেন। ওই মার্কেট নির্মানের ফলে লালমনিরহাট মহেন্দ্রনগর বাইপাস সড়কের উপর নির্মিত কার্লভাটটির পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। আসন্ন বর্ষায় পানি নিস্কাশনে চরম বিপাকে পড়ার আশংকা এলাকাবাসীর।
জনদুর্ভোগ লাঘবে প্রথম দিকে স্থানীয়রা মার্কেট নির্মানে বাঁধা দেন। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) ও রেলওয়ে ভু-সম্পত্তি অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রেলওয়ের ভু-সম্পত্তি কর্মকর্তা (এস্টেট অফিসার) সুজাউদ্দৌলা ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা সড়ানোর নির্দেশ দেন। ওই স্থাপনা সড়াতে লালমনিরহাট পৌরসভা থেকেও নিষেধাজ্ঞা দেয়া হয়।
এত বাঁধা সত্ত্বেও পেশি শক্তির জোরে চালিয়ে যাচ্ছে ১২টি দোকানের বিশাল এ মার্কেট নির্মানের কাজ। পরবর্তীতে শনিবার দুপুরে লালমনিরহাট পৌর মেয়র তার প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলে। সরকারী কর্মকর্তাদের অভিযোগ দেয়ার পরও মার্কেট নির্মান বন্ধ না করায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা জোটবদ্ধ হয়ে শনিবার বিকেলে ওই মার্কেটের কিছু অংশ গুড়িয়ে দেন এবং নির্মান কাজ বন্ধ করে দেন। পুরো অবৈধ মার্কেট গুড়িয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনতা।
ওই এলাকার বাসিন্দা জহির উদ্দিন ও আশরাফ আলী জানান, বৈধ জমির এ অবৈধ স্থাপনা নির্মানের ফলে পানি নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আসন্ন বর্ষায় ডুবে থাকতে হবে এ এলাকার বাসিন্দাদের। তাছাড়াও সম্পত্তিটা রেলওয়ে কৃষিজ জমি এবং যার খাজনা হয়েছে কৃষিজ হারে। সেখানে মার্কেট করা সম্পুর্ন বে আইনী। তাই উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
মার্কেট নির্মানকারী বেলাল ও সিরাজুল জানান, রেলওয়ে থেকে লিজ নিয়ে তাদের বৈধ জমিতে মার্কেট করছেন তারা। এর বাহিরে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মার্কেট নির্মানে বাঁধা এবং স্থাপনা ভেঙ্গে ফেলার অভিযোগ এনে সিরাজুল বাদি হয়ে ৬জনকে আসামী করে সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
লালমনিরহাট রেলওয়ের ভু-সম্পত্তি কর্মকর্তা(এস্টেট অফিসার) সুজাউদৌলা জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেট নির্মানে নিষেধ করা হয়েছে। এরপরও কৃষিজ জমিতে মার্কেট করলে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com