বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে ৬ আ.লীগের প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধি::

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অনেকে। এর মধ্যে ৬ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভায় এদের নাম চূড়ান্ত করা হয়।

৬ নেতার মধ্যে রয়েছেন- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মো. ইকরামুল হক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান (মিল্কি টজু), জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম সাজ্জাদ হোসেন ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য ফারামার্জ আল নূর রাজীব।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর আগামী ৫ মে ভোটগ্রহণের দিন রেখে এ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল।

সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার নির্বাচন কমিশনের ৪৬তম সভায় সিদ্ধান্তের পর ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। এই সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। এপ্রিলে এইচএসসি পরীক্ষা রয়েছে। তারপর ৭ মে থেকে রোজা শুরু হতে পারে। পরীক্ষার পর রোজার আগেই ভোটের দিন ঠিক করেছে ইসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com