শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, পাকিস্তানি দোসররা জাতিকে নেতৃত্ব শুন্য করতে কাপুরুষের মত জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তাদের সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে অচেনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোলমডেলে পরিনত করেছে। উন্নয়নের সেই ধারা অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি আবারো ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করবে।
রোববার (১৬ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরারকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাঙ্গালী জাতি ১৯৭১ সালে ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে এনেছিল। ভোটযুদ্ধে ঐক্যবদ্ধ জাতি নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে নয়, কাজে বিশ্বাসী। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন নৌকা জয়লাভ করলে গ্রামকে শহরে পরিনত করবেন। আগামী দিনে মহাজোট ক্ষমতায় গেলে গ্রামগুলোকে শহরে পরিনত করা হবে। এজন্য তিনি নৌকা প্রতীকে ভোট দিতে সকলে প্রতি আহবান জানান।
স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাপ্টিবাড়ি ইউপি সদস্য আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈদুল বাবু প্রমুখ।