শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েলি ভূখণ্ড এবং সেখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘২৩তম ধাপের’ বড় ধরনের হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এই সাড়াঁজাগানো হামলার ঘোষণা দেওয়া হয়।
বিবৃতি ও বর্তমান পরিস্থিতি আইআরজিসির এই আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগমুহূর্ত থেকেই ইসরায়েলের আকাশসীমায় একের পর এক ইরানি মিসাইল ধেয়ে আসার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত শনিবার ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই হামলার দাঁতভাঙা জবাব দিতেই ইরান এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও শক্তিশালী মিসাইল নিক্ষেপ করছে।
হামলার প্রেক্ষাপট বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী উত্তেজনার পর গত শনিবারের হামলাটি ছিল সরাসরি উস্কানিমূলক। এর ফলে ইরান তাদের প্রতিরক্ষা কৌশল পরিবর্তন করে সরাসরি পাল্টা আঘাতের নীতি গ্রহণ করেছে। ২৩তম ধাপের এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, তাদের এই অভিযান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।