বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেলের সাথে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ঘে মোটরসাইকেল আরোহী তিতাস সাহা (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অমিত সাহা (২৩) নামে ওই মোটরসাইকেলের আরেক আরোহী।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের নড়িখালী এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিতাস সাহা ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকার বাসিন্দা গোসাই সাহার ছেলে। আহত অমিত সাহা একই গ্রামের অমরেশ সাহার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই দুই মোটরসাইকেল আরোহী ফরিদপুর থেকে বোয়ালমারীর দিকে আসছিলেন। ওই সময় আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তারা দুজন গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত হোসেন মোস্তফা জানান, আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে আনা হলে তিতাসকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যর চিকিৎসক। অমিত ফরিদপুর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী জানান, পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করেছে তবে চালক পালিয়ে গেছে।