শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী পৌরসভার পূর্ব গোন্দারদিয়া গ্রামের রেলগেট এলাকার বাসিন্দা রিক্সাচালক মালেক শেখ (৫৫)কে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত ৬ আসামীকে আটক করে ছিনতাইকৃত রিক্সা উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (বিপিএম সেবা)। মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন।
হত্যার সাথে জড়িত আটককৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈবকীনন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ(৪৩) হাসামদিয়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাস(৩৪), মধুখালী উপজেলার পৌর সভার মেছড়দিয়া গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে আব্দুর রহমান(৩৫), ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের মৃত সুমন শেখের ছেলে মিলন শেখ(৩৩), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস (৩০), পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দিঘা গ্রামের মৃত আবুল কাশেম ঘরামীর ছেলে আব্দুল মান্নান ঘরামী(৫৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিদিনের ন্যায় মালেক শেখ রিক্সা চালানোর উদ্দেশ্যে ১১ আগস্ট রাত সাড়ে ৭টায় বাড়ী থেকে বের হয় এবং পরের দিন ১২ আগস্ট উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের রাস্তার ডোবার পাশ থেকে তার লাশ পুলিশ উদ্ধার করেন। ১৩ আগস্ট নিহতের ছেলে মোঃ শহিদুল ইসলাম শেখ বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেন। মামলা নং ৬ তারিখ ১৩ আগস্ট ২০২১খ্রিঃ। পুলিশ চিনিকল রোডের মেসার্স বন্যা ট্রেডার্স এর দোকানের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে আসামী আলমগীরকে শনাক্ত করে তাকে ২৬ আগস্ট আটক করে জিজ্ঞাসাবাদের এবং উচ্চতর প্রযুক্তির মাধ্যমে সকল আসামীকে শনাক্ত করে গত ৫ সেপ্টেম্বর (রোববার) আসামীদের আটক করে ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধার করে পুলিশ।