রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উপজেলার ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মৃদুল মল্লিক (১৩)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মা তুলি বেগম পুত্র মৃদুলকে পড়তে বসতে বলেন। মৃদুল পড়বে না বললে মা বোকাঝকা করেন। তুলি বেগম তার মেয়েকে পাশের বাড়ি থেকে আনতে যান। এই সুযোগে অভিমানী মৃদুল জানালার গ্রিলের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় তুলি বেগম বাড়িতে এসে মৃদুলকে ঝুলন্ত দেখে পাশের বাসার সদস্যদের সঙ্গে নিয়ে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস জানান, মায়ের উপর অভিমান করে মৃদুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃদুল খুব মেধাবী ছাত্র ছিল। পিএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। মৃদুলের মৃত্যুর খবরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃদুল উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান মাষ্টারের ছেলে।।