বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

মধুখালীতে আ’লীগ নেতার ফ্যাক্টরিতে দূর্বৃত্তের আগুন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়ার রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলসহ নেতৃবৃন্দ।

মধুখালী পৌর আ’লীগের সভাপতি ও রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক হাজি মোহাম্মদ আলী মিয়া জানান, পৌর এলাকার পশ্চিম গোন্দারদিয়ায় অবস্থিত আমার বিস্কুট ফ্যাক্টরিতে বুধবার ভোররাতে দূর্বৃত্তরা আগুন দেয়। তিনি আরো জানান, ফ্যাক্টরির পাশে থাকা একটি গাছে উঠে দূর্বৃত্তরা টিনের চালের উপর আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে ওই সময়ই ফ্যাক্টরিতে থাকা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ফ্যাক্টরির একাংশ সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তিনি জানান, কারা এ ঘটনা ঘটাতে পারে এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হবে।

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এদিকে মধুখালী পৌর আ’লীগের সভাপতির মালিকানাধীন রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে দূর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় উপজেলার অন্যান্য ফ্যাক্টরির মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com