সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লামনিরহাট-নীলফামারী দুই জেলার মটরসাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য ও পাটগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মশিউর রহমান মশুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে চুরি হওয়া মটরসাইকেলের ৫টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৮ জুলাই) দুপুরে ডোমার থানা পুলিশ পাটগ্রাম থানা পুলিশের সহযোগীতায় পৌরসভার জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে মশিউর রহমান মশুকে গ্রেফতার করা হয়।
মশিউর রহমান মশু পাটগ্রাম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বড় মসজিদ জুম্মাপাড়া এলাকার বুলবুল আহমেদের ছেলে ও ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোজাম্মেল হক জানায়, নীলফামারী ডোমার থানার একটি মটরসাইকেল চুরির আসামী মশিউর রহমানকে গ্রেফতারের জন্য সহযোগী চান ডোমার থানা পুলিশ। পরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশ পৌরসভার জুমম্মাপাড়া এলাকায় যৌথ ভাবে অভিযান চালিয়ে তার বাসা থেকে মশুকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, এ সময় তার বাসা থেকে চুরি হওয়া মটরসাইকেলের ৫টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। এই নম্বর প্লেটের মালিকের সাথে কথা বলে জানা গেছে ওই নম্বরের তার মটরসাইলটি চুরি হয়েছে।
লামনিরহাট-নীলফামারী দুই জেলার মটরসাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য এবং দীর্ঘদিন থেকে এই মটরসাইকেল চুরির সাথে জড়িত বলেও জানান তিনি।
রাতেই গ্রেফতার হওয়া মশিউর রহমান মশুকে ডোমার থানা পুলিশ ডোমার থানায় নিয়ে যায়।