বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সাংসদের মা-বোনসহ নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। উপজেলায় এ নিয়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫। মৃত্যু হয়েছে ২ জনের।
গতকাল রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করে ভালুকা উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এর আগে গত শুক্রবার উপজেলায় ১২ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর মা খাইরুন নেছা আফছার এবং ছোট বোন রহিমা আফরোজ শেফালী রয়েছেন। রহিমা আফরোজের স্বামী আবুল কালাম আজাদ ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া ভালুকা পৌরসভার একজন এবং উপজেলায় শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নের ৩ জন আছেন। তাঁদের মধ্যে ২ জন কারখানার শ্রমিক।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ কামাল বলেন, উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১৭৫ জন। এর মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকসহ ১০ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নের ১৭৫ জন এবং ভালুকা পৌরসভার ৫৩ জন রয়েছেন। বাকিরা অন্যান্য ইউনিয়নের।