বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় বাথরুমের ভেতরে জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৪০) নামে এক মহিলা গামেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সিডষ্টোর টেংরাপাড়া এলাকার আনিস মিয়ার বাসার ভাড়াটিয়া স্থানীয় মেহেরাবাড়ী এলাকায় অবস্থিত সুলতানা সুয়েটারের মহিলা শ্রমিক রাশিদা বেগম প্রতিদিনের মতো চুলায় ভাত বসিয়ে বাথরুমে গোসল করতে যায়। কিন্তু চুলায় ভাত পুড়া গন্ধ ছড়িয়ে পড়লে পাশের রুমের ভাড়াটিয়ারা তাকে খোঁজাখোজি শুরু করে। কোথাও না পেয়ে বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে ভালুকা মডেল থানার এস আই মতিউর এসে লাশ উদ্ধার করে। নিহত রাশিদা বেগম গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী ও ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাঁজা গ্রামের মৃত আঃ হেমিকের মেয়ে।
ভালুকা মডেল থানার এস আই মতিউর জানান, মহিলার লাশ বাথরুমের মেঝে থেকে উদ্ধারের সময় লাশের উপরে বিদ্যুতের জিআই তারপরা অবস্থায় পাওয়া যায়, প্রাথমিক অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ নিয়ে বিস্তারিত বলতে পারব।