বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরীর পাঁচতলার একটি কক্ষে প্লাস্টিকের দঁড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুঁলে কামরুল ইসলাম (২১) নামে এক মিল শ্রমিক আত্মহত্যা করেছেন।
সোমবার রাতে উপজেলার ভরাডোবা গ্রামের বাকসাতরা এলাকায় অবস্থিত তাফরিদ কটন ফ্যাক্টরীতে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাফরিদ কটন ফ্যাক্টরীর পাঁচতলার একটি রুমে ছয় বন্ধু নিহত কামরুল ইসলাম, হৃদয়, রিয়াদ, রেজাউল, রিমন ও আজিজুল অবস্থান করে তারা ওই ফ্যাক্টরীতে রিং সেকশনে চাকুরী করছিলেন। সোমবার (৬ জুলাই) রাত ৯ টায় পাঁচজনই ডিউটিতে যোগ দিতে গেলেও কামরুল শরীর খারাপ বলে ডিউটিতে যাননি। মঙ্গলবার সকালে ডিউটি শেষে সবাই রুমে গিয়ে দেখেন রুমের ভিতর থেকে সিটকিনি লাগানো। ডাকাডাকি করা হলেও ভেতর থেকে কোন সারা শব্দ পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ফ্যানের সাথে প্লাষ্টিকের দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত কামরুল ইসলাম পাশের ত্রিশাল উপজেলার রাঁধাকানাই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
মিলের জেনারেল ম্যানেজার (জিএম) রাশেদুর রহমান তুষার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছয় বন্ধু ফ্যাক্টরীর কোয়ার্টারের একটি রুমে থেকে চাকুরী করছে। সোমবার পাঁচজন ডিউটিতে গেলেও কামরুল শরীর খারাপ বলে যায়নি। সকালে ডিউটি শেষে গিয়ে দেখে রুমের ভেতর থেকে সিটকিনি লাগিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা।
ভালুকা মডেল থানার ওসি মাইনউদ্দিন জানান, মিল শ্রমিকের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।