বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ভালুকায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবদ্ধী এক নারীকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগে আসাদ নামে এক বখাটেকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ ও বাদির অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও শিশিরচালা গ্রামের সাহিদ মিয়ার বাকপ্রতিবন্ধী ছেলে রবিন ৮ মাস পূর্বে লিমা আক্তার নামে আরেক বাকপ্রতিবন্ধীকে বিয়ে করেন। রবিন একটি পোষাক কারখানায়, তার মা শিল্পপুলিশ-৫ এর ব্যারাকে ঝিয়ের কাজ ও বাবা ব্যবসায়িক কাজে গত শনিবার সকালে স্থানীয় বাজারে যান। ওই সুযোগে প্রতিবেশী নবী নেওয়াজের বখাটে ছেলে আসাদ মিয়া রবিনের স্ত্রী লিমা আক্তারকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বখাটে রবিনের হাতে কামড় দিয়ে ধর্ষণের হাত থেকে সে রক্ষা পান এবং বাবার বাড়ি চলে যান। ধর্ষণ চেষ্টার বিষয়টি সমাজে জানাজানি হলে বখাটে আসাদ বাদি পরিবারকে নানাভাবে হুমকিসহ স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করে। কিন্তু সামাজিকভাবে কোন ফয়সালা না হওয়ায় বিষয়টি থানা পুলিশকে জানালে মঙ্গলবার বিকেলে বখাটে আসাদকে ওই এলাকা থেকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই নারীর শাশুড়ী ফিরোজা বেগম বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবন্ধী লিমার শাশুড়ী ফিরোজা বেগম বখাটে আসাদের বিচার দাবী করে বলেন, সে এলাকার প্রভাবশালী হওয়ায় তারা আমাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু জানান, ধর্ষণের চেষ্টাকারী আসাদ এলাকার চিহ্নিত জুয়াড়ী। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনউদ্দিন জানান, আটককৃত আসাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯ (৪) (খ) ধারায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com