বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ভালুকায় দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস ২০১৯ইং উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ডাকাতিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চিকিৎসক ডাঃ মোশায়েদ রহমান মুন এর পরিকল্পনায় ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল এর আয়োজন করে দেশের প্রথম শ্রেণীর কার আমদানীকারক প্রতিষ্ঠান মোমেনা অটোস। বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেলায় বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ৪০জন চিকিৎসকগণ দিনব্যপী মেডিসিন, সার্জারী, গাইনি এন্ড অবস,ইউরোলজী, অর্থপেডিক, চক্ষু, ইএনটি, শিশু রোগ, চর্মরোগ, ইউরিলোজীসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৩হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেলায় যারা চিকিৎসা সেবা প্রদান করেছেন তাদের মধ্যে অন্যতম, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আব্দুস সবুর মিয়া (অবঃ) (চর্ম), অধ্যাপক ডাঃ একেএম আকতার মোর্শেদ (অর্থোঃ), অধ্যাপক ডাঃ তারেক আলম,অধ্যাপক ডাঃ রিয়াজ আহমেদ চৌধুরী ও ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ। ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সান রাইজ উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেলাটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস ২) ওয়াহিদা আক্তার।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজিমউদ্দিন আহমেদ ধনু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবেক ধর্মমন্ত্রীর স্ত্রী নূর নাহার বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেলা এর মূল উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চিকিৎসক ডাঃ মোশায়েদ রহমান মুন জানান, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নটি একটি প্রান্তিক এলাকা, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারনে এই এলাকার সাধারণ মানুষ উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। যে সকল সাধারণ মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারনে অথবা চেনা-জানা না থাকার কারনে উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মূলত এই আয়োজনটি তাদের জন্যেই করা হয়েছিলো।

ডাঃ মুন বলেন, এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেলায় যারা চিকিৎসাসেবা প্রদান করেছেন তাঁরা প্রত্যেকই স্ব-স্ব ক্ষেত্রে বিজ্ঞ ও বিশেষজ্ঞ। ইচ্ছে করলেই তাদের সেবা পাওয়া এতো দূর থেকে অনেক কঠিন। এই এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে তাঁরা তাঁদের মূল্যবান সময় দিয়ে এই এলাকার সাধারণ রোগীদের সেবা দেবায় এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com