বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় শাহজালাল (৪০) নামের এক চায়ের দোকানদার নিহত হয়েছে।
রবিবার রাত ১২টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটেছে। নিহত শাহজালাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহানের ছেলে।
ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজালাল উপজেলার সিডস্টোর বাজারে একটি চায়ের দোকান দিতে ৮/৯ দিন আগে আসে। ঘটনার দিন দোকানের মেঝে ঠিক করার জন্য মহাসড়কের রোড ডিভাইডারের সাইটে জমে থাকা বালু ভ্যানগাড়ী দিয়ে তুলে নেয়ার সময় সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬-৪৭৭৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানগাড়ীটি ধুমড়েমুচড়ে যায়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলের ট্রাকের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।