বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ট্রাক্টর ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে নেপাল বনিক (৩০) নামে হেলপার নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার ভরাডোবার বাঁকসাতরা নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামে অবস্থিত নাফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ট্রাক্টরের চালক স্থানীয় এসএনএস সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে ২৪টি সিলিন্ডারে গ্যাস ভরে স্টেশন থেকে বের হচ্ছিলো। এ সময় ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের (চট্র-মেট্রো-১১-১৮৭৩) পিছনে ধাক্কা দিলে উভয় গাড়ি মহাসড়কের উপর উল্টে গিয়ে গ্যাসের সিলিন্ডর ফেটে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপার বরিশালের ঝালকাঠির নেপাল বনিক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ও হাইওয়ে পলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের নিচ থেকে নিহত হেলপারের লাশটি উদ্ধার করে। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, স্থানীয় নাফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ট্রাক্টরের চালক স্থানীয় এসএনএস সিএনজি স্টেশন থেকে ২৪টি সিলিন্ডারে গ্যাস ভরে স্টেশন থেকে বের হওয়ার সময় অপর একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশটি উদ্ধার করে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে, তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছে।