বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ভালুকায় করোনার উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু, স্বাস্থ্যবিধি না মেনে দাফন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রমিজ উদ্দিন (৫৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকার নিজ বাড়ী থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে রাতেই কোন স্বাস্থ্যবিধি না মেনেই পারিবারিক গোরস্থানে লাশ দাফন করেছে তার স্বজনরা। নিহত রমিজ উদ্দিন উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, নিহত রমিজ উদ্দিন ঢাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। গত তিন-চার দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসেন তিনি। সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি না মেনে পরিবারের সদস্যদের লাশ দাফনের ব্যাপারে তিনি বলেন- উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় মৃত ব্যক্তির দাফনে নিয়োজিত স্বেচ্চাসেবক টিম কওমী সমাজ কল্যাণ পরিষদ ভালুকা ও ত্বাকওয়া ফাউন্ডেশনের লোকজনকে পাঠানো হয়েছিল। কিন্তু তারা লাশ দাফন করেনি এটা আমার জানা নেই, এ ব্যাপারে বিস্তারিত জেনে তবেই আমি বলতে পারবো।

হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, উপজেলা প্রশাসন কর্তৃক করোনায় মৃত ব্যক্তির দাফনে নিয়োজিত স্বেচ্চাসেবক টিম কওমী সমাজ কল্যাণ পরিষদ ভালুকা ও ত্বাকওয়া ফাউন্ডেশনের লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই তার পরিবারের লোকজন লাশ দাফন করে ফেলে। পরে আমরা যারা দাফন কাজে সহযোগিতা করেছে তাদেরকে হোম কোয়ারেনটাইনে থাকার জন্য নির্দেশনা দিয়েছি।
কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনে দাফন করায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com