বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ভালুকায় অবৈধভাবে আমন সংগ্রহের ধান দিতে গিয়ে আটক ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় চলতি আমন মৌসুমে অবৈধভাবে সরকারী দামে ধান দিতে গিয়ে ধান ভর্তি ট্র্রাকসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা খাদ্যগোদামে এঘটনাটি ঘটেছে।

উপজেলা গোদাম কর্মকর্তা সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ভালুকায় ধান সংগ্রহে চাহিদা দেয়া হয়েছে এক হাজার ৯৯১ মেট্রিকটন। গত ডিসেম্বর মাসের ১০ তারিখে তা উদ্বোধন করা হয় এবং ফেব্রুয়ারী মাসব্যাপী সংগ্রহের কথা রয়েছে। এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ২২৯ মেট্রিকটন। মঙ্গলবার সকালে নিবাহী কর্মকর্তা মাসুদ কামাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধান নামানোর প্রস্তুতিকালে ৬ মেট্রিকটন ধানভর্তি একটি ট্রাক জব্দ করেন এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে সাখাওয়াত হোসেন ও রাকিবুল হাসান নামে উপজেলার মেদুয়ারী গ্রামের দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, উপজেলার মেদুয়ারী ব্লকে ধান সরবরাহের জন্য লটারীর মাধ্যেমে ২১ জন কৃষকের নাম লিপিবদ্ধ করা হয়। কিন্তু তালিকায় আটককৃত যুবকদের নাম থাকলেও উপসহকরী কৃষি কর্মকর্তা তাদের চিনেন না বলে নির্বাহী কর্মকর্তার কাছে স্বীকার করেন। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ওই গ্রামের আফজাল হোসেনের নামে এসব ধান সরবরাহ করছেন বলে জানান। তবে অভিযুক্ত আফজাল হোসেন বিষয়টি অস্বীকার করেন।

অভিযোগ রয়েছে, মাঠে না গিয়ে উপসহকারী কৃষিকর্মকর্তারা তাদের মনগড়ামতো তালিকা দেয়ায় এমনটি সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তা সরকারী খালী বস্তা প্রকৃত কৃষকদের না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলার মেদুয়ারী ব্লকের উপসহকারী কৃষিকর্মকর্তা আলাউদ্দিন তালিকা প্রনয়নের বিষয়ে গাফলতির কথা স্বীকার করে বলেন, তালিকা করতে তার আরো আন্তরিক হওয়ার প্রয়োজন ছিলো।

উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার জানান, উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনাটি ঘটেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তা আবুল বাশার ধানসংগ্রহে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, কৃষক হলেই আমি ধান নিবো, যাচাইবাছাই করার সময় আমার নেই।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খাদ্যগোদামে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ধানভর্তি ট্রাকসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তাকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ধানভর্তি ট্রাকসহ দুই যুবক থানায় রয়েছে। লিখিত কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com