বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভালুকার বিরুনীয়া-বোর্ড বাজার আঞ্চলিক সড়কের বেহাল দশা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া-বোর্ড বাজার আঞ্চলিক সড়কের বেহাল দশা। বর্তমানে কাঁচা ওই সড়কটি জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা ওই সড়কটিতে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত সাধারণ জনগণ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গত কয়েক দিনের টানা বর্ষণে এ ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় জন প্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে এলেও কেউ তাদের দাবি পূরণ করছে না। বেহাল ওই সড়কে প্রায়ই স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচলের সময় খানা-খন্দে পড়ে তাদের জামা-কাপড় নষ্ট করছে। কাইচাঁন গ্রাম ও রাজৈ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা প্রতি মৌসুমে হাজার হাজার মণ ধান বিরুনীয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে বিক্রি করে থাকে। ওই কৃষি পণ্য নেওয়ার একমাত্র সড়ক এটি। চার কিলোমিটার লম্বা ওই সড়কটি সবটুকুই কাঁচা। চলতি বর্ষা মৌসুমে সড়কটির এমন অবস্থা হয়েছে যে, যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলার জু নেই। এলাকাবাসির প্রাণের দাবি দ্রুত ওই সড়কটি যাতে পাকা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আরাফাত জানান, ‘আমাদের এ গ্রামের বেহাল সড়কে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। বিশেষ করে অ্যাম্বুলেন্সে যেসব রোগী আসেন তাদের যন্ত্রণা অনেকাংশে বাড়িয়ে তোলে। অন্তঃসত্ত্বা নারীদের নিয়ে অসহায় অবস্থায় পড়তে হয় পরিবারের সদস্যদের। কারণ জরুরি মুহূর্তে কোন অ্যাম্বুলেন্স বা সিএনজি আসতে চায় না।’

কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, ‘প্রতিদিন আমাদের এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। আসা-যাওয়ার সময় যখনই এই পথটুকুর কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়। বিরক্তি আর তিক্ত অভিজ্ঞতা এখানে আমাদের। আমাদের এমপি স্থানীয় এক জনসভায় এসে ওই সড়কটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও তা করা হয়নি। আমাদের এ এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান যদি সাময়িক ইটের খোয়া-বালু ফেলে সংস্কার করে দিতেন তাহলেও আপাতত কিছুটা ভোগান্তি কমতো।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com