রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেস্ক ঃ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে রমনা পার্ক ও আশপাশের এলাকায় কোনো ধরনের মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এছাড়াও ফানুস, আতশবাজি এবং শব্দ দূষণ সৃষ্টি করে এমন বাঁশি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কের বটমূলে নববর্ষ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার এসব নির্দেশনার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। সিসি ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকা থাকবে নজরদারিতে। ডিএমপি কমিশনার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করবে সমন্বিতভাবে।
তিনি আরও বলেন, রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর বন্ধ থাকবে প্রবেশ। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে। ডিএমপি জানায়, শোভাযাত্রার পুরো রুট থাকবে নিরাপত্তার চাদরে আবৃত। কোনও হুমকির তথ্য নেই বলে জানান ডিএমপি কমিশনার।