শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দলের এক সদস্য। তবে পর্যন্ত ওই বিএসএফ সদস্যের নাম জানা যায়নি।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তের ৮৪১ নম্বর মেইনপিলারের ৬ নম্বর সাবপিলার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের পর বিজিবিও সেখানে পাল্টা অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে।
রংপুর-৬১বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, ‘রাত ৮টার দিকে মুংলিবাড়ী সীমান্তের কয়েকজন গরু চোরকারবারী ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। ভারতীয় কুচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানী সদরের টহলরত দুইজন বিএসএফ সদস্য চোরকারবারীদের ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয় মুংলীবাড়ী এলাকার বাসিন্দা মৃত. নইমুদ্দিন মিয়ার ছেলে আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়ীতে হামলার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিএসএফ সদস্যদের ধাওয়া করলে ‘এসেলার’ নামের একটি শর্টগান ফেলে ওই বিএসএফ সদস্য পালিয়ে যায়। এ ঘটনার কড়াপ্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।’
জানতে চাইলে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে আমরা ইতিমধ্যে যাত্রা করেছি। কোচবিহার-১৪৮বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বানাম্ব শাউয়ের সাথে যোগাযোগ হচ্ছে।
আজ শনিবার (১৯ জানুয়ারী) দুপুরে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।