সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের পাটগ্রামে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মোহাম্মদ বাবুল মিয়ার (২৪) মরদেহ ফেরত পেয়েছে তার পরিবার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির উপস্থিতে তার লাশ হস্তান্তর করে বিএসএফ। নিহত বাবুল নিলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। পরে লাশ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
লাশ গ্রহণের সময় ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসাহাক মন্ডল, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ, পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু হানিফ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত এলাকার কালিগঞ্জ গ্রামের বাবুল মিয়া ও ঝাড়সিংহেশ্বর গ্রামের সাইফুল ইসলাম তিস্তা নদীর চরে গরু চরাতে গেলে তারা ভুলক্রমে ভারত সীমান্ত রেখায় চলে যায়। এ সময় ওপারের উড়ান বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাবুল ও সাইফুলের ওপরে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত এবং সাইফুল ইসলাম আহত হন।