সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বাল্যবিয়ের দায়ে পুলিশ সদস্য বরসহ ৯জনের জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে বাল্যবিয়ের দায়ে এক পুলিশ সদস্য বর ও তার মাসহ ৯ জনের প্রত্যেককে বিভিন্ন অংকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়।

জরিমানা প্রদানকারীরা হলেন, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের পুলিশ সদস্য সুজন দুলালের ছেলে পুলিশ কনস্টবল বর সিয়াম মুন্না (২৫) ও তার মা মনোয়ারা বেগম, সারপুকুর গ্রামের নওয়াব আলীর ছেলে মোবারক হোসেন (৪৫), একই গ্রামের জোনাব আলী (৫০), একই উপজেলার সাপ্টিবাড়ী জামুরটারী গ্রামের মোসলেম উদ্দিন (৫৮), দেলদার আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৫০), একই উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামের মোসলেম উদ্দিন (৬০), একই এলাকার আদিতমারী গ্রামের ব্যবসায়ী ইব্রাহীম মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৯) ও মৃত আব্দুল কাদের মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩০)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ সদস্য সিয়াম মুন্নার সাথে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের সেতু বাজার এলাকার নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছে। এমন একটি গোপন খবরে পুলিশ নিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ওই স্কুল ছাত্রীর বাড়িতে যাওয়ার পথেই ফিরতি বরযাত্রীর গাড়ি আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়। বুঝতে পেয়ে বর ও কনের গাড়ি পালিয়ে গেলেও বর যাত্রীর ৭জনকে আটক করে থানা নিয়ে আসা হয়।

দিনভর থানা হাজত বাস শেষে আটককৃতদের শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়ের পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় বর সিয়াম ও তার মা মনোয়ারা বেগম হাজির হলে তারা তাদের অপরাধ স্বীকার করে নেন। এ সময় বাল্যবিয়ে নিরোধ আইনে বর সিয়াম মুন্নার এক লাখ টাকা ও তার মা মনোয়ারা বেগমের ৫০ হাজার টাকা এবং আটক বরযাত্রী ৭ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে প্রত্যেকে নিজ নিজ জরিমানার অর্থ জমা দিয়ে মুক্তি পান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com