শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
“বঙ্গমাতা, ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শনিবার (৮ আগষ্ট) উদযাপিত হচ্ছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।
জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ৯ টি উপজেলায় ৫৪ জন সুবিধাভোগীর মাঝে একটি করে মোট ৫৪ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ জন সুবিধাভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পরে আমরা আবার একসঙ্গে অনুষ্ঠানে একত্রিত হয়েছি। বঙ্গমাতার জীবনাদর্শ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। ফরিদপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্দু ও বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করার ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ঝর্ণা হাসান, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ আলী, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের প্রফেসর রিজভী জামান, ব্লাষ্ট সমন্বয়ক স্বীপ্রা গোস্বামী, নারী নেত্রী বেগম হিরুন্নাহার, আসমা আক্তার মুক্তা প্রমুখ।