বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥
কাফনের কাপড় পরে সড়কের উপরে শুয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমের মনোনয়ন দাবী করেছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার সকালে জেলার ভাঙ্গা উপজেলার বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
এর আগে বিএনপি কার্যালয়ে তিন উপজেলার বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইকবাল হোসেন সেলিমকে বিএনপি থেকে প্রার্থী দেয়ার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে তিন উপজেলার নেতাকর্মীরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে দাবী করে আয়োজিত সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দাবী করে বক্তব্য রাখেন নেতারা। এসময় চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লার বিরুদ্ধে নানা অশ্লীল প্রচারণা তুলে ধরে তাকে মনোনয়ন দিলে নেতাকর্শীরা পাশে থাকবেনা এমনকি এ আসনে বিএনপির ভরাডুবি হবে দাবী করা হয়।
কর্মসূচীতে সদরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদু, চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি মো. মোতাজ্জেল মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোস্তফা কামাল হাসান ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মুন্সীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম ও কেন্দিয় জাসাসে নেত্রী শাহরিয়ার ইসলাম শায়লাকে মনোনীত করে বিএনপির কেন্দ্রিয় কমিটি।