রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরে মেডিকেল কলেজে সোমবার সকাল ১০টা থেকে শুরু হলো করোনা শনাক্ত পরীক্ষা। ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ তলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর (পলিমার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়। আর সেখানেই শুরু করা হলো প্রথম দিনে ১৯ জনের নমুনা নিয়ে এই করোনা ভাইরাস পরীক্ষা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমান, বিএমএ এর সভাপতি ডাঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমুখ।
ফমেক সূত্রে জানা গেছে, আপাতত ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হবে। পরে আশপাশের কয়েকটি জেলা তাদের সুবিধা অনুযায়ী এ ল্যাব থেকে করোনা শনাক্ত পরীক্ষা করাতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এরই মধ্যে নমুনা পরীক্ষার জন্য ঢাকা থেকে এক হাজার কিট এসে পৌঁছেছে ফরিদপুর মেডিকেল কলেজে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা দিয়ে আমরা সোমবার সকাল ১০টা হতে শুরু করলাম করোনা ভাইরাস পরীক্ষা। আজ এখান থেকে ফরিদপুর জেলার নমুনা পরীক্ষা দিয়ে শুরু করা হলেও পরে আশপাশের অন্যান্য জেলার নমুনাও পরীক্ষা করা হবে এখানে। এদিকে মেডিকেল কলেজের আইসিউ ইউনিটের নষ্ট ১৬টি ভেন্টিলিটারের ১০টি মেরামত করে সচল করা হয়েছে।