শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। এর ফলে ওই গ্রামগুলির নয় হাজার ৭০৮জন গ্রাহক বিদ্যুতের আওতায় আসবে।
ফরিদপুর সদরের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় সোমবার (১ মার্চ) বিকাল ৩টায় এ কর্মযজ্ঞের প্রথম পর্বের শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেরা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা প্রমুখ।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীর সংলগ্ন ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট ও ভূইয়াবাড়ী ঘাট এবং চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ঘাট ও গোপালপুর ঘাট থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে মোট ছয় কিলোমিটার পথ সাবমেরিন ক্যাবল টেনে চর এলাকায় এ বিদ্যুৎ প্রদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। গত ২০১৯ সালের ২২ ডিসেম্বর এ কাজ শুরু হয়। এর জন্য ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৮০ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়িত হলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক, চর ঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের তিন হাজার ১৮৫ পরিবার, সদরপুর উপজেরার নাসিরপুর ও ঢেউখালী ইউনিয়নের ৬০০ পরিবার, ফরিদপুর সদরের ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের এক হাজার ৮৮০ পরিবার এবং পাশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিম নগর, সূতানলী ও লেছরাগঞ্জ ইউনিয়নের চার হাজার ১৩টি পরিবার বিদ্যুতের আওতায় আসবে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হাসান জানান, আমাদের কাজের প্রথম পর্ব আজ উদ্বোধন করা হবে ১৯৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে।