শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ‘ভূমি সেবা ডিজিটাল/ বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ’ ২০২১।
রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। সভায় ভূমি সেবা সপ্তাহের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী। সভা সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।
আর ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন। পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যান্যদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায় উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে এবার আমরা এই ভূমি সেবা সপ্তাহ পালন করছি। আমাদের সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণকে সেবা দেয়াই আমাদের কাজ। এখন থেকে ভূমি রেজিষ্ট্রেশন, মিউটেশন,কর প্রদান সহ নানাবিধ সুবিধা মিলবে।
সভায় মাঠ কর্মীদের মধ্যে বক্তব্য দেন চরমাধবদিয়া ইউনিয়নের ভূমি সহকারী আফসানা জামান ও খলিলপুর ইউনিয়নের ভূমি সহকারী মোঃ. আবুল কালাম আজাদ।