শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ফরিদপুরে বৃদ্ধ মনসুর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে মনসুর মোল্যা (৬৫) নামে এক বয়োবৃদ্ধ ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যার পর এখন নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে আসামীরা। এ অবস্থায় অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসী মিছিল ও মানববন্ধন করেছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে দাদপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্ত্রী রোকেয়া বেগম (৫৮) ও সন্তানেরাসহ কয়েকশ’ গ্রামবাসী অংশ নেন।

গত ২১ এপ্রিল (মঙ্গলবার) মুনসুর মোল্যাকে কুপিয়ে হত্যা ও আরো কয়েকজনকে আহত করে। এ ঘটনায় নিহতের ছেলে মুকুল মোল্যা (৩৫) বাদি হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শামীম মোল্যাকে হুকুমের আসামী করে ২১ জনের নামোল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মুকুল মোল্যা (৩৮) বলেন, শামীম মোল্যা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ‘এট্টারে ফ্যালাইছি, অ্যান্নে তোর মাথা নিবো’ এই বলে শামীম মোল্যার লোকেরা হুমকি দিচ্ছে তাদের।

সিরাজুল ইসলাম ওরফে জাকু সর্দার নামে এক ব্যক্তি জানান, তিনি ওই হত্যা মামলার সাক্ষী হওয়ায় গত ১৮ মে শামিম মোল্যা গং তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে। এখনও তারা হুমকি দিচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া শেখ মনজুর রহমান তুষার নামে এক যুবক বলেন, মনসুর মোল্যাকে হত্যার পর ফেসবুকে একটি ভুয়া ভিডিও ছেড়ে ঘটনা ভিন্নখাতে নেয়ার পায়াতারা চালানো হয়। যেখানে দেয়া যায় হাসপাতালে অর্তি মুমূর্ষ এক ব্যক্তিকে গলা টিপে হত্যার চেষ্টা করছে অপর ব্যক্তি। যার সাথে এ ঘটনার কোন সম্পৃক্ততা নেই।

মনসুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইয়ুম বলেন, মনসুর হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। হুকুমের আসামী শামীম মোল্যাসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com