শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র্যাব। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পকোম্পানী অধিনায়ক মেজর মোঃ খালেদ মাহমুদ জানান, ১৮ ডিসেম্বর গভীর রাতে জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ৩ সদস্য উপজেলার আটড়া ভাসড়া গ্রামের মতিয়ার খানের ছেলে মোঃ মফিজুল মহি খান (২৫), মিয়া পাড়া গ্রামের মজিদ শেখের ছেলে ঠান্ডু শেখ (২৬), জাঙ্গালপাশা গ্রামের আলী মাতুববরের ছেলে মোঃ মিলন মাতুব্বর (২২)কে আটক করে।
এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল সেট ও ১১টি সীমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর(বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।