সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত, ত্রাণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি::

গত ২৪ ঘন্টায় পদ্মার পানি দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে ফরিদপুর সদর উপজেলার বন্যা কবলিত পাঁচটি ইউনিয়নের নতুন নতুন এলাকা। বর্তমানে সদর উপজেলার অর্ধলক্ষ মানুষ পানিবন্দি রয়েছে।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকির জানান, ওই ইউনিয়নের ৯০ ভাগ এলাকা পানিতে প্লাবিত হয়ে পড়েছে। তিনি জানান, ইউনিয়নের চার হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। তিনি আরো বলেন, পানির কারণে জমির ধানসহ সব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে, ফলে পানিবন্দিরা মানবেতর জীবন যাপন করছে।

এদিকে, জেলায় ত্রাণ তৎপরতাও অব্যাহত রয়েছে। রোববার ডিক্রিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক হাজার পরিবারের মধ্যে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর প্রকল্পের আওতায় পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকে ট্রলারে করে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে এসব চাল বিতরণ করা হয়।

এসময় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকির, ট্রাগ অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাহ মোহন কুন্ডু, ইউএনও’র কার্যালয়ের ত্রান শাখার উপ সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল ফকির, যুবলীগ নেতা মো. আলমগীর ফকিরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com